ক্যাম্পাস

৭৩৫ শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজী শেখাবে ঢাকা কলেজ ছাত্রদল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ এএম

৭৩৫ শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজী শেখাবে ঢাকা কলেজ ছাত্রদল
ছবি: সংগৃহীত

দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৭৩৫ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স চালু করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে মাসব্যাপী এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট–২০২৫’ শীর্ষক এই কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনুপমা পাল।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “আমাদের দেশে জনসংখ্যা বেশি হলেও দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। ছাত্রদলের এই উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে এবং আত্মউন্নয়নের সুযোগ তৈরি করবে। দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।”

আয়োজকদের তথ্যমতে, কোর্সটিতে নিবন্ধন করেছেন ৭৩৫ জন শিক্ষার্থী। এক মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে ১ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। মোট ১২টি ক্লাসে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেবেন দেশের শীর্ষস্থানীয় ছয়জন ইংরেজি শিক্ষক। কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাতবর ও সোয়াইব আহমেদ সজীব। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক পিয়াল হাসান।