ক্যাম্পাস
রাকসুর জিএসকে 'হত্যার হুমকি' নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের
ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের বিরুদ্ধে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন বলে জানা গেছে। ওই পোস্টে প্রকাশ্যে সমর্থন জানান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও।
ফেসবুক পোস্টে আসাদুল্লা-হিল-গালিব লেখেন, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ যেন কেউ নষ্ট না করে এ বিষয়ে তিনি হুঁশিয়ারি দেন। সরাসরি সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে তিনি লেখেন, “প্রটেকশন বাড়াও, একা বাইকে ঘোরাঘুরি করো না।” পোস্টে ঢাকায় যাতায়াত নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি এবং বলেন, “আমি চাই তুমি বেঁচে থাকো, কারণ অনেক হিসাব বাকি আছে।”
শনিবার ওই পোস্টে মন্তব্য করেন ছাত্রলীগ রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ আরও কয়েকজন। মন্তব্যে মোস্তাফিজুর রহমান বাবু লেখেন, “আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বাঁচিয়ে রাখে।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তিনি সরাসরি পোস্টটি দেখেননি, তবে বিষয়টি অন্যদের কাছ থেকে জেনেছেন। তার ভাষায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকে আগেও তাকে ‘নেক্সট টার্গেট’ বলে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এ ধরনের হুমকিতে আমি ভীত নই। আল্লাহ যে জীবন দিয়েছেন, তিনিই নেবেন। এজন্য আমি আমার চলাফেরা বন্ধ করবো বা আলাদা কোনো প্রোটোকল নেবো—এমন কিছু নয়।”