ক্যাম্পাস

জাবির নারী শিক্ষার্থীর মুখে টেপ আটকে নির্যাতনের অভিযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

জাবির নারী শিক্ষার্থীর মুখে টেপ আটকে নির্যাতনের অভিযোগ
অভিযুক্ত তারিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম আবর্তনের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে বাসায় নিয়ে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারিকুল ইসলাম নামে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ ৯৯৯-এ কল পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়। সেখানে তিনি তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন। 
 
ওই নারী শিক্ষক বলেন, প্রাক্তন ছাত্রের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল। পরে ভেঙে যায়। তবে মঙ্গলবার ওই ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে অশোভন আচরণ করেন। একপর্যায়ে ওই ছাত্র কথা বলার জন্য বাসায় যেতে ওই ছাত্রীকে জোরাজুরি করেন। তিনি রাজি না হলে তাকে ব্ল্যাকমেল করেন। পরে ওই ছাত্রের বাসায় যান ভুক্তভোগী। তখন ছাত্রীর মুখ টেপ দিয়ে আটকে তাকে মারধর করা হয়, হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে বাসার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে প্রাক্তন ওই ছাত্র চলে যান। তখন ৯৯৯-এ কল দিয়ে জানালেন পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।

অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার, ‘৯৯৯ নম্বরে কল পাওয়ার পর আমরা ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি। পরে তিনি বাদী হয়ে মামলা করলে আমরা তা গ্রহণ করি। প্রাথমিক তদন্তে ধর্ষণ ও মারধরের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।’