ক্যাম্পাস
ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে দেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১ থেকে ২০০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী। ওয়ান ইলেভেন সরকারের সময় আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাকে আজীবনের জন্য ছাত্রত্ব থেকে বহিষ্কার করে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন করেন আবু তৈয়ব। পরে তার আবেদন মঞ্জুর করে প্রশাসন।
সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি, ভিপি পদে প্রার্থী হয়েছিলেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আবু তৈয়ব ছিলেন বয়োজ্যেষ্ঠ।
জিন্নাহর ছবি সরানোর বিষয়ে আবু তৈয়ব গণমাধ্যমকে বলেন, যে জিন্নাহ বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলেন, তার ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রাখা মেনে নেওয়া যায় না। ভাষা আন্দোলনে জিন্নাহর ভূমিকা ইতিহাসে স্পষ্টভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তের গৌরব বহনকারী একটি প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।