ক্যাম্পাস
জাতীয় সংগীতের ভিডিওতে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ শিক্ষককে শোকজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ‘আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬’ উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগ দুই দিনব্যাপী অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করেছে। প্রথম দিনের কর্মসূচিতে র্যালি শেষে আলোচনা সভা শুরু হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে চালানো ভিডিওর শেষ অংশে প্রায় ১০ সেকেন্ডের জন্য শেখ হাসিনার ছবি ভেসে ওঠে।
বিষয়টি উপস্থিত অতিথিদের নজরে এলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন প্রতিবাদ জানান। পরে ভিডিও বন্ধ করে অডিওর মাধ্যমে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ঘটনার পর অনুষ্ঠানের আহ্বায়ক ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, জাতীয় সংগীত পরিবেশনের সময় শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা সুস্পষ্ট অসদাচরণ ও চাকরির শৃঙ্খলার পরিপন্থী। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডকে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি অসম্মানজনক ও অবমাননাকর হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ঘটনার বিষয়ে অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা বলেন, জাতীয় সংগীত পরিবেশনের সময়ের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার কারণে জাতীয় সংগীতের ভিডিওটি যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করে অডিওর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
তিনি বলেন, প্রশাসন তাদের দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।
অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, ইউটিউব থেকে চালানো ভিডিওতে প্রায় ১০ সেকেন্ডের জন্য শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বিষয়টি খেয়াল করতে পারেনি। পরে বিষয়টি নজরে আসার পর তারা দুঃখ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি প্রদর্শনের বিষয়টি তার কাছে গ্রহণযোগ্য হয়নি। অনুষ্ঠানে বিদেশি বিজ্ঞানী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
তিনি আরও বলেন, কোনো অনুষ্ঠান আয়োজনের আগে সাধারণত মহড়া ও পূর্বপ্রস্তুতি থাকে। সেটি অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগীয় প্রধানের তদারকি করার কথা। কীভাবে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হবে।