রাজধানী

বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সিএনজি চালকদের সড়ক অবরোধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম

বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সিএনজি চালকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকেরা।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকেরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিলে মহাখালী অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

হঠাৎ করে সড়ক অবরোধের ফলে মহাখালী, বনানী ও আশপাশের এলাকাগুলোর যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। অফিসগামী মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত যানজটে আটকা পড়ে যায়। অনেকে হেঁটেই গন্তব্যে যেতে বাধ্য হন।

সড়ক অবরোধে অংশ নেওয়া চালকেরা জানান, বিআরটিএ'র পক্ষ থেকে বিভিন্ন ধরনের হয়রানি, লাইসেন্স ও রেজিস্ট্রেশন নবায়নে দেরি, অতিরিক্ত ফি ও দালাল চক্রের দৌরাত্ম্যের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানান দ্রুত সমস্যা সমাধানের।

যাত্রীরা বলছেন, আগাম কোনো ঘোষণা ছাড়াই এভাবে সড়ক অবরোধ সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। অনেকের জরুরি কাজ ছিল, কেউ অফিসে পৌঁছাতে পারেননি, আবার কারও চিকিৎসা ব্যাহত হয়েছে।