রাজধানী

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, কর্মসূচিতে জুলাই যোদ্ধারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, কর্মসূচিতে জুলাই যোদ্ধারা
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে অবরোধ করে রেখেছেন 'জুলাই যোদ্ধারা'। এতে মোড়টি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, লাল-সবুজ পতাকা হাতে শতাধিক জুলাই যোদ্ধা শাহবাগে অবস্থান করছেন। তাদের সঙ্গে ছিলেন আহত ও শহিদ পরিবারের সদস্যরাও। সবার কণ্ঠে একই দাবি—“জুলাই সনদ এখনই চাই”। অবস্থানকারীদের পাশে সতর্ক অবস্থানে রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন দেওয়া শহিদ ও আহতদের সম্মান, স্বীকৃতি এবং প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই এই 'জুলাই সনদ' প্রণয়নের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু জুলাই মাসের শেষ দিনেও সনদটি প্রণয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

জুলাই যোদ্ধারা বলেন, “জুলাই সনদ কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে শাহবাগে অস্থায়ী মঞ্চ গড়ে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব।”

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, “জুলাই যোদ্ধারা সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান করছেন। এতে শাহবাগ মোড় ও সংলগ্ন এলাকাগুলোর যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।”