রাজধানী
জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, মারাত্মক আহত নুরুল হক নুর
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের সঙ্গেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণ অধিকার পরিষদের নেতারা সন্ধ্যার পর আবারও জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনী জাপা নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা না সরায় সেখানে ব্যাপক লাঠিচার্জ চালায় পুলিশ।
লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত তার সহযোগীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এছাড়াও দলের আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছেন।