রাজধানী
বিদেশি নাগরিকের কাছে চাঁদা দাবির অভিযোগে প্রতারক গ্রেপ্তার
ঢাকায় তুর্কি নাগরিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত মো. রুবেল হোসেনকে (৩৮) পূর্ব কাজীপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টার্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার সেরকান আকচান ডিএমপির গুলশান থানায় অভিযোগ করেন, তার কাছে ফোন করে একজন ব্যক্তি নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন হিসেবে পরিচয় দেয়। ফোনে তুর্কি নাগরিককে বলা হয়, তার পাসপোর্ট ও জন্মতারিখ যাচাইয়ের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে, না দিলে ভেরিফিকেশন আটকে রেখে এক লাখ টাকা দাবি করা হবে।
অভিযোগে আরও বলা হয়, তুর্কি নাগরিক টাকা দিতে অস্বীকার করলে ফোনকারীর মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে থানায় লিখিতভাবে জানালে, গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দেন।
এসআই মাহফুজুল হক, এসআই আজিজ মাহমুদ ও এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মো. রুবেল হোসেনকে আটক করা হয়। অভিযুক্তের নিকট থেকে মোবাইল সিম এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ডিএমপি জানায়, এই ধরনের প্রতারণা আটকাতে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।