রাজধানী
মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মরদেহ ভবনের গার্মেন্টস অংশের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেশিরভাগ মরদেহ গার্মেন্টস ভবনের ভেতর থেকে পাওয়া গেছে। কেমিক্যাল গোডাউনে এখনও আগুন জ্বলছে, তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আগুন মূলত দুটি ভবনে লেগেছে—একটি কাপড়ের গোডাউন এবং অন্যটি কেমিক্যাল গোডাউন। আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও ঘন ধোঁয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।”
সব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।