রাজধানী
ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫: উদ্যোক্তাদের মিলনমেলা ১৪ নভেম্বর
ঢাকার গুলশান সেলিব্রিটি হলে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এক অনন্য মিলনমেলা ‘ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫’। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মিলিত হবেন দেশের ৫০০-এরও বেশি নিবন্ধিত উদ্যোক্তা, স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ই-ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং উদ্যোক্তা সমাজের এক উজ্জ্বল উদযাপন, যেখানে থাকবে হাসি, আনন্দ, শিল্প, সঙ্গীত এবং পারিবারিক সম্পর্কের বন্ধন দৃঢ় করার প্রতিশ্রুতি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে বাঁশির জাদু পরিবেশনা এবং ফ্যাশন র্যাম্প শো, যার কোরিওগ্রাফি করবেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বলুবলু টুম্পা ও তার টিম। এছাড়া সঙ্গীত পরিবেশনায় থাকছেন দেশের অন্যতম প্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, যিনি তার সুর ও গানে মাতিয়ে তুলবেন পুরো আয়োজনকে।
অতিথি ও সদস্যদের জন্য থাকবে ঐতিহ্যবাহী মেজবান ডিনারের বিশেষ আয়োজন, যা সন্ধ্যার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
২০১৭ সাল থেকে ই-ক্লাব উদ্যোক্তাদের জন্য চালিয়ে আসছে নানা উদ্যোগ, যার মধ্যে রয়েছে ভিন্নতা, প্রসার, ইনভেস্টমেন্ট নেস্ট, বন্ধন প্রজেক্ট। এর মাধ্যমে তারা প্রদান করছে ট্রেনিং, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং, মেন্টরশিপ, বিনিয়োগ, বিজনেস কনসালটেশন, মার্কেট এক্সপোজার, রিসার্চ ও পলিসি অ্যাডভোকেসি, নারী উদ্যোক্তা উন্নয়ন, ইয়ুথ লিডারশিপ, কর্পোরেট কলাবোরেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, গ্লোবাল কানেকশন এবং ইন্টারন্যাশনাল পার্টনারশিপ।
ই-ক্লাবের প্রধান লক্ষ্য হলো, প্রতিটি উদ্যোক্তা ও স্বপ্নবাজ মানুষ যেন নিজের জায়গা খুঁজে নিতে পারে এবং প্রতিটি উদ্যোগ হয়ে ওঠে একটি পরিবর্তনের গল্প। ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫ সেই গল্পের নতুন অধ্যায়, যেখানে উদ্যোক্তারা একত্রিত হবেন সাফল্য, বন্ধুত্ব ও পরিবারের গল্পে।