রাজধানী

আজ মেট্রোরেল চলবে নির্ধারিত সময়েই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম

আজ মেট্রোরেল চলবে নির্ধারিত সময়েই
ছবি: সংগৃহীত

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

এতে মেট্রোরেলের যাত্রীসেবা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল, যা রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

তবে শেষ পর্যন্ত স্বস্তির বার্তা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএল-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়— শুক্রবার থেকে মেট্রোরেল তার নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে, এবং যাত্রীসেবা পূর্বের মতোই স্বাভাবিক থাকবে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চালু থাকবে। যাত্রীসেবা স্বাভাবিকভাবে চলমান থাকবে।”

উল্লেখ্য, বুধবার ডিএমটিসিএল-এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রকাশের দাবি জানিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। এ কারণে সকালে সেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা ছিল। তবে প্রতিষ্ঠানটি দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন সেবার নিশ্চয়তা দিয়েছে।