রাজধানী
স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা: যা দেখা গেল সিসিটিভি ফুটেজে
রাজধানীতে ধারাবাহিক সহিংসতার রেশ কাটতে না কাটতেই ফের গুলিতে প্রাণ হারালেন আরেক রাজনৈতিক নেতা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে, যেখানে গুলি করার পরপরই হামলাকারীদের দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর তেজতুরী বাজার এলাকার স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। হামলার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে মোট পাঁচটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, “এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।”
পুলিশ জানায়, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এই হামলা চালায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, এর আগে নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজধানীতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এর মধ্যেই আরেক রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।