রাজধানী

গুলশানে বাসা থেকে বার ড্যান্সার তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

গুলশানে বাসা থেকে বার ড্যান্সার তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
নিহত সাদিয়া রহমান মীম। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় একটি বাসার দ্বিতীয় তলা থেকে ২৭ বছর বয়সী সাদিয়া রহমান মীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী এক বারে ডান্স করতেন এবং পার্লারের ব্যবসা করতেন। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়ায়। বাবার নাম শহীদ আলী।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম কালাচাঁদপুর এলাকার ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে মীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানান, মরদেহ উদ্ধারকালে গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া শরীরের অন্যান্য অংশেও আঘাতের আলামত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মীম মূলত একটি বারে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ফ্ল্যাটে মীমের সঙ্গে আরও একজন তরুণী থাকতেন। তবে মরদেহ উদ্ধারের সময় সেই তরুণীকে পাওয়া যায়নি। তার অবস্থান শনাক্তসহ ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে মীমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, হত্যার আগে মীমকে ধর্ষণের শিকার করা হয়েছে কি না, তা নির্ধারণের জন্য ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে প্রয়োজনীয় তদন্তের আবেদন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।