রাজধানী

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
ছবিঃ সংগৃহিত

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মেরাদিয়া বাজার সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম শাহিন (৪৮)। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামে। তিনি মরহুম মো. আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকেন।

সূত্রে জানা যায়, ঘটনার পরপরই প্রাইভেটকারটি জব্দ করা হয়। একইসঙ্গে ঘাতক চালককে আটক করা হয়েছে। শাহিনের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে শাহিন রিকশা চালিয়ে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ফুটপাতে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।