রাজধানী

ঈদযাত্রায় বাসভাড়া বাড়তি, ২০০-৮০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:০২ পিএম

ঈদযাত্রায় বাসভাড়া বাড়তি, ২০০-৮০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীরা জানিয়েছেন, নির্ধারিত ভাড়ার তুলনায় ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে।

ঢাকায় কর্মরত মুজিবুর রহমান শরীফ জানান, বরগুনা যাওয়ার জন্য তিনি স্বাভাবিক ভাড়ার তুলনায় অনেক বেশি টাকা দিয়ে টিকিট কিনতে বাধ্য হয়েছেন। সাধারণত যেখানে ভাড়া ৬৫০–৭০০ টাকা, সেখানে তাকে প্রতি টিকিটে প্রায় ১,২০০ টাকা দিতে হয়েছে। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়া গোপন করতে অনেক ক্ষেত্রে ‘টোকেন’ দিয়ে পরে মূল টিকিট দেওয়া হচ্ছে।

এমন অভিযোগ করেছেন আরও অনেক যাত্রী। রাজধানীর সায়েদাবাদ, আরামবাগ, কল্যাণপুর ও গুলিস্তানসহ বিভিন্ন টার্মিনালে একই চিত্র দেখা গেছে। অনেকে বলছেন, ঈদের চাহিদা ও জ্বালানির অজুহাতে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

যাত্রী শ্রাবন্তী আক্তার অভিযোগ করেন, কিছু পরিবহন আগে নিজেদের এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করে কৃত্রিম সংকট তৈরি করে, পরে বেশি দামে বিক্রি করে। তিনি জানান, ঢাকা–সাতক্ষীরা রুটে যেখানে এসি ভাড়া আগে ১,০০০ টাকা ছিল, এখন তা বেড়ে ১,৬০০ থেকে ২,২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

তবে পরিবহন সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। কিছু বিক্রেতা দাবি করেছেন, নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হচ্ছে না, আবার কেউ কেউ বলেছেন—চাহিদা বেশি হওয়ায় ভাড়া কিছুটা বাড়ছে।

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে তার কাছে কোনো অভিযোগ আসেনি। তিনি দাবি করেন, কোথাও সর্বোচ্চ ১০০ টাকার বেশি নেওয়ার সুযোগ নেই এবং অনেকে আবার ভাড়ায় ছাড়ও দিচ্ছে।

তবে বাস্তবে যাত্রীদের অভিজ্ঞতা ভিন্ন। প্রতি ঈদের মতো এবারও অতিরিক্ত ভাড়া নেওয়ার পুরোনো অভিযোগ ফিরে এসেছে, যা নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।