রাজধানী
১০০ দিনের জন্য ঢাকার দায়িত্ব চান নবীন পাঞ্জাবির মালিক নবীন হাশেমি
কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি ঢাকার দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) রাত ১১টা ১২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দায়িত্ব পেলে মাত্র ১০০ দিনের মধ্যে ঢাকাকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করবেন।
পোস্টে নবীন হাশেমি লেখেন, “ঢাকার দায়িত্ব আমাকে দিন। মাত্র ১০০ দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর—ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, ব্যর্থ হলে যেকোনো শাস্তি গ্রহণে প্রস্তুত আছেন। নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত নন।
নবীন হাশেমি জানান, ১০০ দিনের জন্য দায়িত্ব পেলে তিনি দায়িত্ববান কর্মকর্তা-কর্মচারীদের জনগণের জন্য কাজ করার সঠিক পদ্ধতি দেখাতে চান। নির্ধারিত সময় শেষে দায়িত্ব হস্তান্তর করে আবার নিজ ব্যবসায় ফিরে যাওয়ার কথাও উল্লেখ করেন।
দেশপ্রেমের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের জন্য ১০০ দিন বিনা বেতনে কাজ করতে চান এবং প্রয়োজনে ব্যর্থতার দায় নিজের জীবনের বিনিময়ে নিতেও পিছপা হবেন না।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসী ঘোষণাকে প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটিকে আবেগপ্রবণ মন্তব্য হিসেবে দেখছেন।
কেউ মন্তব্য করেছেন, এমন কথা বলতেও সাহস লাগে এবং বড় বড় নেতারাও এভাবে বলতে পারেন না। আবার অন্য একজন তাকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে সমালোচনাও কম নয়। এক মন্তব্যে বলা হয়, দীর্ঘদিন কোনো আন্দোলন-সংগ্রামে দেখা না যাওয়ায় তার এমন দাবি নিয়ে প্রশ্ন রয়েছে এবং ব্যবসায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।