রাজধানী
মুগদায় ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা
রাজধানীর মুগদা এলাকায় ভাড়া বাসা থেকে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে তানভীরের বড় ভাই তানিম হোসেইন শাওন মুগদা থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুগদার আহমেদবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার তানভীর হোসেইন শুভর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ছিলেন।
মুগদা থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, বাড়ির মালিকের তথ্য অনুযায়ী সর্বশেষ ঈদের দিন তানভীরকে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সবাই ধারণা করেছিলেন, তিনি ঈদের ছুটিতে বাইরে কোথাও গেছেন।
মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তানভীরের এক বন্ধুর ভাষ্য, প্রায় ১২ বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর বিয়ে করেননি। চাকরিজীবনের ব্যস্ততার কারণে সময়ের সঙ্গে বন্ধুদের সঙ্গ থেকেও অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
জানা গেছে, পরিবারের অন্য সদস্যরা সেগুনবাগিচা এলাকায় বসবাস করলেও কয়েক মাস আগে তানভীর মুগদার ওই বাসায় একা থাকা শুরু করেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।