রাজধানী

মিরপুরে আবারও নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান থাকেন কানাডায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

মিরপুরে আবারও নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান থাকেন কানাডায়
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একা বসবাসকারী নারীদের অস্বাভাবিক মৃত্যু নিয়ে উদ্বেগের মধ্যেই আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার মিরপুর-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। জানা গেছে, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই বাসায় একাই বসবাস করছিলেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পল্লবী থানার তদন্ত শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে মিরপুরের ওই ফ্ল্যাটে একা থাকা শুরু করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৬ মে রাতে এক স্বজনের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মে একই এলাকায় একা বসবাসকারী বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার পর থেকেই একা বসবাসকারী প্রবীণদের নিরাপত্তা ও দেখভাল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।