রাজধানী

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় মিছিল-সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

শুক্রবার (৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী নির্ধারিত ক্ষমতাবলে এসব এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনের পাশাপাশি যেকোনো ধরনের মিছিল, শোভাযাত্রা, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর, বাংলামোটর থেকে হোটেল সোনারগাঁও সংলগ্ন সার্ক ফোয়ারা, পান্থপথ হয়ে ফার্মগেট, শ্যামলী থেকে ধানমন্ডি-১৬ সংযোগস্থল, বেগম রোকেয়া সরণি থেকে বিজয় সরণি, ইন্দিরা রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবন সংলগ্ন সব সড়ক ও গলিপথ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।