রাজধানী

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত সেই নারীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত সেই নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়া সোহেলী ইসলাম সোমা (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে তার মৃত্যু হয়।

জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে গত ৬ জুন ভোরে এ ঘটনার শিকার হন তিনি। নিহত সোমা একটি ওষুধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন সরোয়ার পারভেজ সবুজ জানান, দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটি কাটিয়ে কলেজপড়ুয়া মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় সেন্ট্রাল রোডের বাসার উদ্দেশে রওনা দেন তারা।

পথে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে যান। এতে তার মাথা সড়ক বিভাজকের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হন।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবনার ঈশ্বরদীতে তার নানার বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং ময়নাতদন্তও করা হয়নি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে পুলিশ এখনো অবগত নয়।