রাজধানী
টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী
সপ্তাহের প্রথম কর্মদিবসেই টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার ভোর ৫টার পর শুরু হওয়া ভারী বর্ষণ থেমে থেমে চলতে থাকায় শহরের বিভিন্ন সড়কে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
রাজধানীর মিরপুর, মতিঝিল ও নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেককে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে যানবাহনের গতিও কমে গিয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শুধু রাজধানী নয়, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলেও অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে গত ছয় দিনে এসব দুর্যোগে অন্তত ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এছাড়া বন্যায় প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।