রাজধানী

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ
পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ। ছবি: ঢাকাপ্রকাশ

রাজধানীতে পেশাগত নিবন্ধন ও নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত প্র্যাকটিসের সুযোগের দাবিতে মহাসমাবেশ ও পদযাত্রা করেছেন চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা।

বুধবার (১৫ জুলাই) সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ ডেন্টাল পরিষদ’-এর উদ্যোগে এ জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা বের করেন।

আয়োজকদের তথ্যমতে, দেশের বিভিন্ন সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ডেন্টাল অনুষদের শিক্ষার্থীসহ জেলা-উপজেলা পর্যায় থেকে আগত প্রায় পাঁচ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী ও পেশাজীবী এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে। রাষ্ট্রীয় কারিকুলাম অনুযায়ী শিক্ষা, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ শেষে সনদ প্রদান এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলেও দীর্ঘদিন ধরে এই পেশাজীবীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পেশাগত নিবন্ধন ও বেসরকারি প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত।

তারা আরও বলেন, এ কারণে হাজার হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী কর্মসংস্থান সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। একই সঙ্গে কোর্সের নাম ও সিলেবাসের অসামঞ্জস্যতার কারণে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে।

সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা আইন অনুযায়ী নিবন্ধনের সুযোগ পাচ্ছেন, অথচ ডেন্টাল ডিপ্লোমাধারীদের বঞ্চিত করা হচ্ছে, যা সংবিধানের একাধিক অনুচ্ছেদের পরিপন্থী। তিনি দ্রুত আইন সংশোধন বা নতুন বিধি প্রণয়নের দাবি জানান।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নেতারা।