রাজধানী
ইয়াবাসহ পল্লবী পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
ঢাকার দক্ষিণখান এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার সহকারী উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সহকারী উপপরিদর্শক মো. শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সহকারী উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি তারাও শুনেছেন।