রাজধানী
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪৮
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৯৬ জন, মিরপুর বিভাগে ৯২ জন, গুলশান বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৯৩ জন, গোয়েন্দা বিভাগে ১৬ জন এবং সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ দমন বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০টি মুঠোফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।