রাজধানী

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে বাড়ছে নাগরিক আস্থা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে বাড়ছে নাগরিক আস্থা
ছবি: সংগৃহীত

নগরবাসীর পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ, সংশ্লিষ্ট বিভাগে পৌঁছানো এবং কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপ নাগরিকদের মধ্যে সাড়া ফেলেছে। অ্যাপটি চালুর পর অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়ার পাশাপাশি অধিকাংশ অভিযোগের সমাধান হওয়ায় ডিজিটাল এই সেবার প্রতি নগরবাসীর আস্থা বাড়ছে বলে জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই ২০২৬ ‘ক্লিন কেয়ার’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ১ আগস্ট থেকে অ্যাপটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই মাসে অ্যাপটির মাধ্যমে মোট ১ হাজার ৪৬১টি পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে।

এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগ ইতোমধ্যে সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। বাকি ৪৪১টি অভিযোগ বর্তমানে সমাধানের প্রক্রিয়ায় রয়েছে। অর্থাৎ, এখন পর্যন্ত জমা পড়া অভিযোগের একটি বড় অংশেরই কার্যকর সমাধান দিতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাগরিক সন্তুষ্টির ক্ষেত্রেও অ্যাপটির ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ডিএসসিসির তথ্য অনুযায়ী, ‘ক্লিন কেয়ার’ অ্যাপের গড় রেটিং ৫-এর মধ্যে ৪ দশমিক ৫। পাশাপাশি প্রায় ৮৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপটির মাধ্যমে পাওয়া সেবা নিয়ে ইতিবাচক মতামত দিয়েছেন। ডিএসসিসির মতে, স্বল্প সময়ের মধ্যে এমন প্রতিক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মটির কার্যকারিতা এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবায় নগরবাসীর সক্রিয় অংশগ্রহণেরই প্রতিফলন।

অ্যাপটির মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই কর্তৃপক্ষকে জানাতে পারছেন। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগ বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নাগরিক সেবার গতি আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

‘ক্লিন কেয়ার’ উদ্যোগ সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও জরুরি। নাগরিকদের মতামত, অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘ক্লিন কেয়ার’ অ্যাপের প্রতি আস্থা রেখে যারা বিভিন্ন অভিযোগ ও পরামর্শ দিচ্ছেন, তাদের প্রতি ডিএসসিসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে। নাগরিকদের জন্য সেবার পরিধি আরও বাড়াতে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য নাগরিক সেবাকেও এই অ্যাপের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকদের অভিযোগ সরাসরি গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।