রাজধানী
বাংলামোটরে যুবককে মারধর ও ফাঁকা গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ আটক ৪
রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক যুবকের মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ ঘটনায় সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আহত যুবকের নাম সোহাগ (৪৫)। তিনি রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে সোহাগ ও সাইমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারা পরস্পরের প্রতিবেশী। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে রক্তাক্ত আহত হন সোহাগ।
পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় স্থানীয়রা তার মোটরসাইকেলটি আটকে দেন। পরে সেটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাত ৮টা ১০ মিনিটের দিকে সাইমনের সঙ্গে সোহাগের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ঘটনার পর স্থানীয়রা সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় সাইমনের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান সড়ক থেকে গলিতে প্রবেশ করতেই সাইমনের বাসার সামনে শতাধিক মানুষকে অবস্থান করতে দেখা যায়। তারা সাইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
ঘটনাস্থলে পুলিশ ও বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়।
আহত সোহাগ অভিযোগ করেন, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।