ক্যারিয়ার

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ। ছবি: সংগৃহীত

দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের জন্য শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)।

এ প্রোগ্রামের অধীনে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনামূল্যে সাড়ে ৮ মাসের আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এটি ৭১তম রাউন্ড।

free.jpg
বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। প্রোগ্রামটি চলছে ১৯ বছর ধরে। কোর্স শেষ করা শিক্ষার্থীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। তাঁরা দেশ ও বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যা তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান করার জন্য নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও নানা ধরনের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

গুরুত্বপূর্ণ তথ্য:
আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সের এবারের ৭১তম রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

free 1.jpg
বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ। ছবি: সংগৃহীত

সুযোগ-সুবিধা:
বিনামূল্যে করানো হয় কোর্সটি। এটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ারও সুযোগ পাবেন কোর্স সম্পন্নকারীরা।

আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী আবেদন করতে পারবেন।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ:
* ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,
* ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,
* ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,
* ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,
* নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
* গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ:
* আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,
* ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,
* নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
* গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,
* ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,
* ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,
* থ্রি–ডি ভিজুয়ালাইজেশন।

আবেদনের সময়সীমা:
রাউন্ড ৭১–এর আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।

যেভাবে আবেদন করা যাবে:
আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের ঠিকানা—apply.isdb-bisew.info

*স্কলারশিপ সম্পর্কিত তথ্য জানতে www.isdb-bisew.org/it-scholarship-programme এ দেখতে পারেন আগ্রহী ব্যক্তিরা। বিস্তারিত তথ্য জানা যাবে www.isdb-bisew.org তে।