শিশু - কিশোর

মজারু অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন-৩: গ্র্যান্ড চ্যাম্পিয়ন ফাউজিয়া ও আবরার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

মজারু অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন-৩: গ্র্যান্ড চ্যাম্পিয়ন ফাউজিয়া ও আবরার
ছবি: ঢাকাপ্রকাশ

অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু (Mojaru) আয়োজিত জনপ্রিয় প্রতিযোগিতা ‘অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন–৩’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে।

শুক্রবার (৩১ অক্টোবর) আয়োজিত এই প্রতিযোগিতায় সাত শতাধিক শিশু-কিশোর অংশ নেয়, যেখানে তারা প্রদর্শন করে অসাধারণ মানসিক গাণিতিক দক্ষতা-যত দ্রুত ও নিখুঁতভাবে কল্পনায় হিসাব করা যায়, সেটিই ছিল প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ।

আরো পড়ুন: মজারুর ক্ষুদে গণিতবিদদের মিলনমেলায় অংশ নিচ্ছেন তাসনিয়া ফারিণ

সব প্রতিযোগীকে পেছনে ফেলে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন ফাউজিয়া রাউনাফ অনন্যা ভূইয়া ও আবরার ফাইয়াজ সাদ। বিজয়ীদের হাতে এক লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া আরও ৩৩ জন প্রতিযোগী পেয়েছেন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, মেডেল ও সনদপত্র।

 

marju-2-Dhaka Prokah News-31-10-2025.jpg
ছবি: ঢাকাপ্রকাশ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত, মজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন ফারুকী প্রিন্স, এবং চিফ মার্কেটিং অফিসার আসাদ জোবায়ের।

অনুষ্ঠানে তাসনিয়া ফারিণ বলেন, “মজারু শিশুদের নিয়ে যেভাবে কাজ করছে, তা দেখে আমি অভিভূত। এই শিশুরাই আগামী দিনে গণিত, বিজ্ঞানসহ সব ক্ষেত্রে বিশ্বজয় করবে বলে বিশ্বাস করি।”

ড. সবুর খান বলেন, “বিশ্বের প্রায় ৫৫টি দেশে বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম মজারু কাজ করছে- এটা আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিনের দক্ষ মানুষ তৈরিতে মজারুর অবদান অনস্বীকার্য।”

মজারুর চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, “সারাবিশ্বের শিশুদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে মজারু।”

মজারু একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে শিশুদের মেধা বিকাশে নানা ধরনের কোর্স পরিচালিত হয়। এর মধ্যে অন্যতম ‘অ্যাবাকাস মাইন্ড ম্যাথ’, যার প্রায় ৩ হাজার শিক্ষার্থী এবার প্রতিযোগিতায় অংশ নেয়। বাছাই পর্ব শেষে ৭০০ শিক্ষার্থী অংশ নেয় গ্র্যান্ড ফিনালেতে।