অপরাধ
রাজধানীতে পুলিশ সেজে চাঁদাবাজি, যৌথ অভিযানে গ্রেফতার ‘চাঁদাবাজ বাবু’
রাজধানীর কলাবাগান এলাকায় পুলিশের ছদ্মবেশে চাঁদাবাজি করতেন ‘চাঁদাবাজ বাবু’। অবশেষে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৭ জুলাই) রাত ১২টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় বাবু তার বাসায় পুলিশের পোশাক পরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তার সহযোগী শাহীনের (যিনি কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নানের জামাতা) বাসায় অভিযান চালিয়ে ৭ জোড়া পুলিশের পোশাক ও একটি নকল রিভলবার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে আরও বলা হয়, চক্রটি দীর্ঘদিন ধরে কলাবাগান ও কাঁঠালবাগান এলাকায় পুলিশের পোশাকে সেজে বাস ও ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। শুধু তাই নয়, মাদক ব্যবসার সঙ্গেও তাদের জড়িত থাকার তথ্য রয়েছে। এছাড়াও গ্রেফতার হওয়া বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় ৭টি মামলা এবং ১টি সাধারণ ডায়েরি রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সদা সচেষ্ট। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।