অপরাধ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অতঃপর যা হলো


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অতঃপর যা হলো
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার ঘনিষ্ঠ লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার ও সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে থাকা মোট ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী এসব ব্যাংক হিসাবে থাকা মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদেরও শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে সিআইডি।