অপরাধ

‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও’ বলায় লিলিকে হত্যা: র‍্যাব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও’ বলায় লিলিকে হত্যা: র‍্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। স্কুলছাত্রীর দেওয়া ‘কটূক্তি’ ও পালিয়ে বিয়ে করতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হোটেল কর্মচারী মো. মিলন মল্লিক লিলিকে নৃশংসভাবে হত্যা করে।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মিলনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। হত্যার পেছনে প্রেমঘটিত বিরোধের কথা উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকালে পাঠানো এক বার্তায় র‍্যাব জানায়, নিহত শিক্ষার্থীর সঙ্গে মিলনের সুসম্পর্ক ছিল। দুজনের মধ্যে পালিয়ে যাওয়ার কথাও ছিল। তবে শেষ মুহূর্তে লিলি রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে মিলন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছে—ভুক্তভোগীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। লিলি বিভিন্ন সময় ইঙ্গিতের মাধ্যমে প্রেমের অনুভূতি প্রকাশ করত এবং পরিবারের সদস্যরা বাড়ি থেকে গ্রামের বাড়িতে গেলে তার সঙ্গে পালিয়ে যাওয়ার কথা বলেছিল।

সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন দুপুরে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু লিলি এতে অস্বীকৃতি জানিয়ে বলে, রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কোনো রেস্তোরাঁ কর্মচারীর সঙ্গে যাবে না এবং মন্তব্য করে—‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও’।

র‍্যাব জানায়, এই প্রস্তাবে সহযোগিতা না করায় ক্ষুব্ধ হয়ে মিলন হত্যাকাণ্ড ঘটায়। এই নৃশংস ঘটনার বিস্তারিত তথ্য আরও জিজ্ঞাসাবাদ ও তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।