অর্থনীতি

পাঁচ ব্যাংকের সিংহভাগ মূলধন বিদেশে পাচার হয়ে গেছে : গভর্নর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

পাঁচ ব্যাংকের সিংহভাগ মূলধন বিদেশে পাচার হয়ে গেছে : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের পাঁচটি ব্যাংকের সিংহভাগ মূলধন বিদেশে পাচার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে এসব ব্যাংককে একীভূত করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট–এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই মন্তব্য করেন।

তিনি বলেন, “ব্যাংকিং খাতকে সমৃদ্ধ ও স্থিতিশীল করতে সবচেয়ে জরুরি বিষয় হলো স্বচ্ছতা। বিনিয়োগকারী, জমাকর্তা (ডিপজিটর), ব্যাংকের কর্মকর্তা-সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই খাত এগিয়ে যেতে পারে না।”

গভর্নর আরও বলেন, দুর্বল ব্যবস্থাপনা, অনিয়ম, ঋণ খেলাপি এবং মূলধন পাচারের মতো সমস্যাগুলো দেশের ব্যাংকিং খাতকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। তাই প্রয়োজনীয় সংস্কার এবং কঠোর নজরদারি ছাড়া এই খাত পুনর্গঠন সম্ভব নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী পর্যন্ত সবার ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে না পারলে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাত স্থিতিশীল রাখা কঠিন হয়ে উঠবে।