অর্থনীতি
৮-১৩ ফেব্রুয়ারি মোবাইল ব্যাংকিংয়ে বড় অঙ্কের লেনদেন বন্ধ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবায় বড় অঙ্কের আর্থিক লেনদেন কার্যত বন্ধ থাকছে। এই ছয় দিন বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। একক লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ এক হাজার টাকা।
এছাড়া ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) অর্থ স্থানান্তরের সুবিধাও পুরোপুরি বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’, সিটি ব্যাংকের ‘সিটিটাচ’, ডাচ্-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’সহ বিভিন্ন ব্যাংকের ডিজিটাল অ্যাপে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র জানায়, নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সারাদেশে নগদ অর্থ জমা ও উত্তোলনের ওপর কড়া নজরদারি শুরু করা হয়েছে। কোনো ব্যাংক হিসাবে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিএফআইইউকে রিপোর্ট করতে হবে। এসব প্রতিবেদনে অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংককেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বরাতে জানা গেছে, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে লেনদেনের সীমা আরও কমানো বা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
নির্বাচনকে ঘিরে অবৈধ অর্থপ্রবাহ ও প্রভাব বিস্তারের ঝুঁকি কমাতেই এ ধরনের কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।