অর্থনীতি

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকার বেশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকার বেশি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ঘোষণা করেছে সংগঠনটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সংগঠনটির তথ্যমতে, সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে বিক্রয়মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।

নতুন ঘোষণায় ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও ভ্যাটসহ নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ওপর ভ্যাট কাঠামো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য থাকলেও নতুন প্রস্তাবে নির্ধারিত অঙ্কে ভ্যাট আরোপের কথা বলা হয়েছে।

নতুন বাজেট অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর ফলে এবার ভ্যাটসহ নতুন করে সোনা ও স্বর্ণালংকারের মূল্য নির্ধারণ করা হয়েছে।