অর্থনীতি
ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক
ছবিঃ সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট মোকাবিলায় বেসরকারি খাতের এই ব্যাংককে রবিবার (১৪ জুন) এই সহায়তা দেওয়া হয়।
জানা গেছে, এর আগে গত সপ্তাহে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকার সহায়তা অনুমোদন করা হয়েছে।
সম্প্রতি ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দেয়। তার নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলনকারীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক গ্রাহক ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ায় তারল্য সংকট আরও তীব্র হয়ে ওঠে। ফলে অনেক গ্রাহকের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে হিমশিম খেতে হয় ব্যাংকটিকে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
সংকটময় এই পরিস্থিতির প্রেক্ষাপটে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
সে সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না। কেন্দ্রীয় ব্যাংকের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অর্থনীতি নিয়ে আরও পড়ুন