অর্থনীতি

দেশের সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:২২ পিএম

দেশের সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ঢাকাসহ সারাদেশের সব স্বর্ণালঙ্কার বিক্রির দোকান বন্ধ ঘোষণা করেছে সংগঠনটি।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে বাজুস।

এর প্রতিবাদে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সহসভাপতি মো. রিপনুল হাসানকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।”

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের শীর্ষ নেতারা এই গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, একজন ব্যবসায়ী নেতাকে এভাবে হয়রানি করার ঘটনা ব্যবসায়ীদের মধ্যে চরম ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।