শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল
ছবি: সংগৃহীত

ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন করে সংশোধিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ এই দুই পদ আর রাখা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। তিনি জানান, রোববার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

মাসুদ আকতার খান বলেন, “আগের বিধিমালায় চার ধরনের সহকারী শিক্ষক পদ ছিল। কিন্তু নতুন সংস্করণে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদের কোনো স্থান রাখা হয়নি।”

তবে ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপেই পদ দুটি বাতিল করা হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি সরাসরি কিছু না বলে মন্তব্য করেন, “আপনারা বিষয়টি যাচাই করে দেখতে পারেন।”

নতুন বিধিমালায় কিছু শব্দগত পরিবর্তনও আনা হয়েছে। পূর্বে শিক্ষক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে ও ৮০ শতাংশ পদ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর হওয়ায় সংশোধিত বিধিমালায় বলা হয়েছে- “বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।”

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বিধিমালা দ্রুত কার্যকর করা হবে এবং আগের সব নির্দেশনা এ অনুযায়ী হালনাগাদ করা হবে।