শিক্ষা
কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, বাজারের চাহিদাভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতই প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে।
বুধবার সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী কারিগরি শিক্ষা খাতকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার, শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের ওপর জোর দেন।
মন্ত্রী জানান, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বিষয়গুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
ড. এহছানুল হক মিলন বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। উন্নত বিশ্বের অনেক দেশে যেখানে জনসংখ্যা কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশ বিশ্বে একটি শক্তিশালী মানবসম্পদসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।
তিনি আরও বলেন, কারিগরি, ভোকেশনাল ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য কারিকুলাম ও প্রশিক্ষণ ব্যবস্থার যথাযথ পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।