শিক্ষা
ইডেন মহিলা কলেজে আবার চালু হচ্ছে এইচএসসি পাঠদান
রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ-এ উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের পাঠদান কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্যসহ একটি প্রস্তাব পাঠাতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়। পত্রটি ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন (মাউশি)-এর মাধ্যমে কলেজটির অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনরায় চালুর আবেদন বিবেচনার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন। এর মধ্যে রয়েছে- এইচএসসি পর্যায়ের পাঠদান কার্যক্রম কবে এবং কী কারণে বন্ধ হয়েছিল, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য।
এছাড়া, পুনরায় এই কার্যক্রম চালু করতে হলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ প্রয়োজন হবে কি না, তাও জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় থেকে চাওয়া এসব তথ্য উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব মাউশির মাধ্যমে দ্রুত পাঠানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।