শিক্ষা

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত: ববি হাজ্জাজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত: ববি হাজ্জাজ
ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার পরিধি বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ধাপে ধাপে এ উদ্যোগ বাস্তবায়ন করতে চায় সরকার।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষা বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, এর আগে দেশের ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু ছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে ওই বিদ্যালয়গুলো থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ করা হয়। বর্তমানে আবারও তা চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

শিক্ষা খাতের চলমান সমস্যার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন মামলার কারণে ছয় হাজারের বেশি শিক্ষক এবং ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। এছাড়া নতুন করে ১৪ হাজার শিক্ষকের নিয়োগ পরীক্ষাও সম্পন্ন হলেও যাচাই-বাছাই প্রক্রিয়ার জটিলতায় তাদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় স্থায়ী সমাধান আনতে সমন্বিত নীতিমালা প্রণয়ন জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় চার লাখ শিক্ষক রয়েছেন, যারা এই খাতের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করে কোনো নীতিমালা বাস্তবায়ন সম্ভব নয়। সবাইকে সম্পৃক্ত করে একটি স্থিতিশীল ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।