শিক্ষা

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাই ফল প্রকাশ করা হবে এবং দুই মাসের মধ্যেই ফলাফল দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সেশন জট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। পাশাপাশি এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে উদ্ভাবন, আইডিয়া শোকেসিং এবং স্টার্ট-আপ কার্যক্রম ব্যাপকভাবে চলছে। এসব কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ জুন। এর মধ্যে ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনীর ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়তে চায় যেখানে সুনাগরিক তৈরি হবে। সুস্থ নাগরিক গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শিক্ষার্থীদের মোবাইল ও ট্যাবের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলাকে উৎসাহ দেওয়া হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বরং বাস্তবমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ইতোমধ্যে সৃজনশীলতা ও বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করা হচ্ছে, যা ধাপে ধাপে অন্যান্য শ্রেণিতেও চালু হবে।