শিক্ষা
ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
ডিসেম্বর মাসেই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যাতে শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছে যায়, সে লক্ষ্যে কাজ চলছে। ডিসেম্বরের চূড়ান্ত পরীক্ষার সময়ই বই বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
তিনি আরও জানান, পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই কার্যাদেশ দেওয়া হবে। এরপর প্রকাশকরা বই ছাপার কাজ শুরু করবে। এ কার্যক্রম তদারকির জন্য মন্ত্রণালয়ের নিজস্ব দল এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রস্তুত রয়েছে।
এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের পাঠ্যবইয়ে কারিকুলামে কিছুটা পরিমার্জন আনা হচ্ছে।