শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন এবং মোবাইল খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে ফলাফল দেখার জন্য নির্ধারিত পোর্টাল হলো ‘আইপিইএমআইএস’।

উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।