সারাবিশ্ব
আবারও নির্বাচনে লড়বেন তাইয়েপ এরদোয়ান
২০২৮ সালের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা মেহমেত উচুম জানিয়েছেন, আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে ওই নির্বাচনে শেষবারের মতো প্রার্থী হতে পারেন এরদোয়ান।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মেহমেত উচুম বলেন, তুরস্কের ৬০০ সদস্যের পার্লামেন্টে অন্তত ৩৬০ জন আগাম নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিলে ২০২৮ সালের ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তুরস্কের সংবিধান অনুযায়ী, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালের মে মাসে হওয়ার কথা। তবে পার্লামেন্টের তিন-পঞ্চমাংশ সদস্যের সমর্থন থাকলে নির্বাচন নির্ধারিত সময়ের আগেই আয়োজন করা সম্ভব। এমন পরিস্থিতিতে সংবিধানের বিশেষ বিধানের কারণে এরদোয়ানের আবারও প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হবে।
বর্তমানে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি মিলে পার্লামেন্টে ৩২৬টি আসন নিয়ন্ত্রণ করছে। ফলে আগাম নির্বাচনের জন্য প্রয়োজনীয় ৩৬০ ভোট পেতে তাদের আরও ৩৪ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। পরে ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৮ ও ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয় পান তিনি। ২০২৩ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই তার শেষ মেয়াদ হবে বলে জানিয়েছিলেন এরদোয়ান।
তবে আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে সংবিধানের বিশেষ বিধানের কারণে আবারও প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছেন তার প্রধান উপদেষ্টা।