শিক্ষা

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, নতুন সম্ভাব্য সময় জানালো বোর্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, নতুন সম্ভাব্য সময় জানালো বোর্ড
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশের নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পূর্বে ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল। কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে।

ফল চলতি মাসেই প্রকাশ করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।

এর আগে ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।