শিক্ষা

কলাপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে অসুস্থ হয়ে হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

কলাপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে অসুস্থ হয়ে হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী
ছবি: ঢাকা প্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ অন্তত ২৫ জন শিক্ষার্থী রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিনের ছুটির সময় প্রথমে দুই-তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়তে থাকে। তাদের মধ্যে শ্বাসকষ্ট, হাত-পায়ে ব্যথা, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে অসুস্থদের তাৎক্ষণিকভাবে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা হলেন—আশা মনি, আয়েশা, শিরিনা, রাহিমা, রিমা, মোরশেদা, নিপা, স্বর্ণা, তামান্না, মীম, সানজিদা, চাদনী, স্বর্ণা, আখি মনি, মীম, মেখলা, জান্নাতি, মারজিয়া, মিতু, তমা, রাফিয়া ও আদুরী। এছাড়া মো. ইকবাল হোসেন নামে এক শিক্ষকও অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মালেক বলেন, শিক্ষার্থীদের আকস্মিক অসুস্থ হয়ে পড়ার পেছনে মানসিক চাপ বা আতঙ্কের বিষয়টি থাকতে পারে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অসুস্থ হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।