বিনোদন
পরিণীতি–রাঘব দম্পতির ঘরে এলো নতুন অতিথি
সন্তানের মুখ দেখলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শনিবার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। মা ও নবজাতক- দুজনই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন পরিবারের ঘনিষ্ঠরা।
নবজাতকের আগমনের আনন্দ সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে রাঘব চাড্ডা লেখেন, “অবশেষে সে এসে গিয়েছে! আমাদের পুত্রসন্তান। সত্যি বলতে, তার আগের জীবনের কথা এখন আর মনে পড়ে না। আমাদের হৃদয় এখন ভালবাসায় পূর্ণ।”

এর আগে চলতি বছরের আগস্টে, সন্তান আগমনের খবর প্রথম প্রকাশ্যে আনেন পরিণীতি ও রাঘব। ইনস্টাগ্রামে একটি বিশেষ কেকের ছবি শেয়ার করেছিলেন তারা, যার ওপর লেখা ছিল- “১ + ১ = ৩”
সেই পোস্টে পরিণীতি জানিয়েছিলেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে কৃতজ্ঞ, ভাষায় বোঝানো কঠিন।”
২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। একদিকে বলিউডের পরিচিত মুখ, অন্যদিকে ভারতের রাজনীতির উঠতি তারকা—এই বিয়েতে নজর ছিল পুরো দেশের।

বিয়ের পর থেকে বড়পর্দায় আর দেখা যায়নি পরিণীতিকে। মাতৃত্বের প্রস্তুতিতে ছিলেন ব্যস্ত। তবে ভক্তরা এখন অপেক্ষায়, নতুন অধ্যায়ের সূচনার পর পরিণীতি আবার কবে ফিরবেন রুপালি পর্দায়।
নবজাতকের আগমনে বলিউড ও রাজনৈতিক অঙ্গনে অভিনন্দনের ঢল নেমেছে। বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দম্পতিকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।