বিনোদন
আত্মসমর্পণ করেও কারাবাস এড়াতে পারলেন না অভিনেতা রাজপাল যাদব
দীর্ঘদিনের চেক বাউন্স–সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করেও কারাবাস এড়াতে পারলেন না বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট তার অর্থ পরিশোধের আবেদন ও সময় বাড়ানোর অনুরোধ খারিজ করলে তাকে গ্রেপ্তার করে তিহার কারাগারে পাঠানো হয়।
প্রায় ১৫ বছর আগে নেওয়া একটি ঋণকে কেন্দ্র করে শুরু হওয়া এই আইনি লড়াইয়ের পরিণতি হয় কারাদণ্ডে। রাজপাল যাদব ২০১০ সালে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি রুপি ঋণ নেন। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ঋণ পরিশোধে ব্যর্থ হন তিনি।
ঋণের বিপরীতে রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবের দেওয়া সাতটি চেক বাউন্স হলে বিষয়টি আদালতে গড়ায়। ২০১৮ সালের এপ্রিল মাসে একটি ম্যাজিস্ট্রেট আদালত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে ছয় মাসের সাধারণ কারাদণ্ড দেন। ২০১৯ সালে সেশনস কোর্টও সেই রায় বহাল রাখে।

এরপর রাজপাল যাদব দিল্লি হাইকোর্টে রিভিশন আবেদন করেন। ২০২৪ সালের জুনে হাইকোর্ট সাময়িকভাবে সাজা স্থগিত করে বকেয়া অর্থ পরিশোধে আন্তরিক উদ্যোগ দেখানোর শর্তে তাকে সুযোগ দেয়। সে সময় ঋণ ও সুদ মিলিয়ে মোট পাওনা প্রায় ৯ কোটি রুপিতে দাঁড়ায়।
২০২৫ সালের অক্টোবরের মধ্যে তিনি দুটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৭৫ লাখ রুপি পরিশোধ করেন। একই বছরের ডিসেম্বরে আরও ৪০ লাখ রুপি দেওয়ার এবং অবশিষ্ট অর্থ ২০২৬ সালের শুরুতে শোধের প্রতিশ্রুতি দিলেও নির্ধারিত শর্ত অনুযায়ী তা পূরণ হয়নি।
এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি রাজপাল যাদবের করা শেষ মুহূর্তের সময় বাড়ানোর আবেদন আদালত খারিজ করে দেন। আদালত মন্তব্য করেন, তিনি একাধিকবার আদালতের নির্দেশ অমান্য করেছেন এবং বিচারপ্রক্রিয়ার প্রতি যথাযথ সম্মান দেখাননি।
পরদিন ৫ ফেব্রুয়ারি তার আইনজীবী নতুন করে ২৫ লাখ রুপির চেক ও সংশোধিত সময়সূচি উপস্থাপন করলেও আদালত আত্মসমর্পণের নির্দেশ বহাল রাখেন। ওই দিন বিকেল ৪টার দিকে রাজপাল যাদব তিহার কারাগারে আত্মসমর্পণ করেন এবং তার ছয় মাসের কারাদণ্ড কার্যকর হয়।
উল্লেখ্য, রাজপাল যাদব বলিউডে দীর্ঘদিন ধরে কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘ভুল ভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘চুপ চুপ কে’ ও ‘ফির হেরা ফেরি’ সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।