বিনোদন
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ আখ্যা
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি দিল্লি পুলিশের এই পদক্ষেপকে ‘গুন্ডামি’ হিসেবে আখ্যা দেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া জানান এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের একদিন পর প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, অযোগ্য ও অবিবেচক নেতৃত্ব দেশের সামগ্রিক অবস্থাকেও সেই দিকে ঠেলে দিতে পারে।
নাসিরুদ্দিন শাহ বলেন, শিক্ষার্থীদের ওপর এমন দমন-পীড়ন দেখে তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেন, যেভাবে তরুণদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। মুখে মুখোশ ও হাতে লাঠি নিয়ে পুলিশের আচরণ তাকে বিদেশি দমনমূলক বাহিনীর কথাও মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক করে তিনি বলেন, একদিন তাদেরকেও নিজেদের কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সাহস জোগান এই বরেণ্য অভিনেতা। তিনি বলেন, তরুণদের সাহস হারানো উচিত নয়, কারণ দেশের অনেক মানুষ তাদের পাশে রয়েছে। ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যেতে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান এবং তাদের প্রতি নিজের আস্থার কথাও পুনর্ব্যক্ত করেন।